পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক পর্যায়ে পৌঁছেছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যেই একটি শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, কয়েক সপ্তাহের কূটনৈতিক প্রচেষ্টার ফলে দুই দেশ সমঝোতার খুব কাছাকাছি অবস্থানে এসেছে।
এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, চুক্তি চূড়ান্ত হলে তা দ্রুত ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষর করা হবে। এরপর আগামী সপ্তাহে কারিগরি বিষয়গুলো নিয়ে আরও আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
তবে এখনো সব বিষয়ে পূর্ণ ঐকমত্য হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে, হরমুজ প্রণালী এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা করা কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
শেহবাজ শরিফ জানান, পাকিস্তান গত এপ্রিল থেকে দুই দেশের মধ্যে সংলাপ এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করেন, সম্ভাব্য এই সমঝোতা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।