দেশের ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৪ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের সব বিভাগেই সন্ধ্যা পর্যন্ত দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বজ্রবৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।