চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্র করে অভিযান শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে দলের পারফরম্যান্স নিয়ে খোলামেলা কথা বলেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, শুরুটা কোনোভাবেই ভালো হয়নি। প্রথম ম্যাচ হওয়ায় খেলোয়াড়দের মধ্যে কিছুটা অতিরিক্ত চাপ ও উদ্বেগ কাজ করছিল।
নিজের হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, “আমরা বারবার ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছি এবং অনেক ওয়ান-টু-ওয়ান ডুয়েলে প্রতিপক্ষের কাছে পরাস্ত হয়েছি। তবে প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ছেলেরা কিছুটা উন্নতি দেখিয়েছে।”
মরক্কোর প্রশংসা করে ব্রাজিল কোচ বলেন, “তারা অত্যন্ত সুশৃঙ্খল ও গোছানো একটি দল। তাই ম্যাচটি আমাদের জন্য কঠিন ছিল। প্রথম ম্যাচ খেলেই কেউ ট্রফি জিতে যায় না। ফলাফলকে বিপর্যয় বলা যাবে না, তবে আমাদের এখনও অনেক জায়গায় উন্নতি করতে হবে।”
দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের প্রশংসাও করেন আনচেলত্তি। তিনি বলেন, “ভিনি অসাধারণ খেলেছে। প্রতিপক্ষের রক্ষণভাগে সবচেয়ে বেশি ভীতি সে-ই ছড়িয়েছে। তার যে সামর্থ্য রয়েছে, তাতে এই বিশ্বকাপে সে দলের জন্য বড় অবদান রাখতে পারবে।”
প্রথম ম্যাচের ড্রয়ের পর এবার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। আগামী ২০ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা।