রাজধানী ঢাকাসহ দেশের ৪১টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলমান এই তাপপ্রবাহ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে, তবে শুক্রবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (৩ জুন) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহের প্রভাব রয়েছে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং দেশের অন্যান্য অঞ্চলের দু-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ ২৪ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে সিলেটে। রাজধানী ঢাকায় দুপুরে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।