স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণমাধ্যম বর্তমানে একটি বড় সংকটের মুখোমুখি। তাঁর মতে, অনেক গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার পরিবর্তে ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধির মতো আচরণ করছে।
রোববার (১৪ জুন) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “মিডিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো, মিডিয়া আর এখন প্রকৃত অর্থে মিডিয়া নেই। চাটুকারিতা কাকে বলে, এখন মিডিয়াকে দেখলেই বোঝা যায়। আমরা গত শাসনামলে দেখেছি কীভাবে চাটুকারিতা হয়েছে। আমরা আশা করি, আপনারা সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছেন। আপনারা এর বিরুদ্ধে লড়াই করেছেন, এখন সেই অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে কাজে লাগাবেন। আমরা আপনাদের পাশে আছি।”
মির্জা ফখরুল আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটেছিল এবং অর্থনৈতিক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।