জ্যৈষ্ঠের তীব্র গরমে দেশের বিভিন্ন অঞ্চল এখনও তাপপ্রবাহের মধ্যে রয়েছে। ঢাকাসহ ৩৪টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এ তাপপ্রবাহের কারণে জনজীবনে অস্বস্তি বেড়েছে। তবে সপ্তাহের শেষ দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১ জুন) দেশের আট বিভাগের কয়েকটি এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদদের মতে, আগামী ৩ জুন থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে টেকনাফ উপকূলে মৌসুমি বায়ুর অগ্রগতির ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় ছিল ৩৬.৪ ডিগ্রি। সোমবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।