বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমস দুই মাসব্যাপী ইউরোপ ট্যুরে যাচ্ছেন। এই সফরে তিনি প্রবাসী বাঙালিদের জন্য একাধিক দেশে লাইভ কনসার্ট পরিবেশন করবেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ইউরোপ ট্যুরের শিডিউল ও কিছু ছবি প্রকাশিত হয়েছে। জানা যায়, আগামী ২৫ জুলাই লন্ডনে তার প্রথম শো অনুষ্ঠিত হবে। এরপর তিনি একে একে পর্তুগাল, সাইপ্রাস, রোম ও ভেনিসে পারফর্ম করবেন। ট্যুরের শেষ কনসার্ট হবে সুইডেনে। এরপর তিনি তার দলসহ দেশে ফিরে আসবেন।
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সফল ট্যুর শেষ করার পর এবার ইউরোপ ট্যুর আরও বড় পরিসরে ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হচ্ছে।
ইতোমধ্যে টিকিট বিক্রি প্রায় শেষের দিকে। ইউরোপের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাঙালিরা এই কনসার্টগুলো ঘিরে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং সরাসরি জেমসের পারফরম্যান্স উপভোগের অপেক্ষায় আছেন।