রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
রোববার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, গত ৭ জুন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন এবং জরিমানাও আরোপ করেন। রায়ে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়, যা ভুক্তভোগী শিশুর উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর সোহেল রানা পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও আটক করে পুলিশ।
পরবর্তীতে রামিসার বাবার দায়ের করা মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়ার পর ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন। বর্তমানে তাদের দণ্ড অনুমোদন ও আপিল শুনানির বিষয়টি হাইকোর্টে বিচারাধীন রয়েছে।