বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৬ সালের আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সরাসরি অংশ নেবেন। গত শুক্রবার (২২ মে) এলপিএলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়।
ঘোষণায় জানানো হয়, সাকিব আল হাসান এলপিএল ২০২৬ আসরকে সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
এলপিএল কর্তৃপক্ষ সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে উল্লেখ করে প্রশংসা করে জানায়, দলের স্থিতিশীলতা প্রয়োজন হলে তিনি ব্যাট হাতে রান এনে দেন। আবার ব্রেকথ্রুর দরকার হলে বল হাতে উইকেট তুলে নেন। আর চাপের মুহূর্তে তিনি নিজের অভিজ্ঞতা ও ধৈর্য দিয়ে দলকে সামলে রাখেন।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের এলপিএলে সাকিব টাইটান্স দলের হয়ে খেলেছিলেন। তবে এবার তিনি জাফনা কিংসের জার্সিতে মাঠ মাতাবেন।