দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত শিশুদের মধ্যে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে, ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে।
শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে হাম-সংশ্লিষ্ট উপসর্গে এবং ১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত কারণে।
একই সময়ে নতুন করে ২ হাজার ১৩২ জন শিশু আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত শিশুর সংখ্যা ৮ হাজার ৪৯৪ জন। পাশাপাশি হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নেওয়া শিশুর সংখ্যা ৬২ হাজার ৫৬০ জনে পৌঁছেছে।
মোট মৃত্যুর মধ্যে ৮৬ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত, আর ৪২৬ জনের মৃত্যু হয়েছে উপসর্গজনিত কারণে।
এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে এখন পর্যন্ত ৩৫ হাজার ৫১৩ জন শিশু আক্রান্ত হয়েছে এবং ২১৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।