দক্ষিণ ভারতীয় পরিচালক আরজে বালাজি নির্মিত সিনেমা ‘কারুপ্পু’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাফল্য দেখাচ্ছে। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই ছবিটি শুধু তামিলনাড়ুতেই প্রায় ১০০ কোটি রুপি আয় করেছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান ও অভিনেতা সুরিয়া। মুক্তির পর থেকেই এটি বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী মোট আয় ইতিমধ্যে ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে, যা ছবিটির জন্য বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি সিনেমাটির পরিবেশক শক্তিভেলান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এটি তার ক্যারিয়ারের একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি জানান, ‘কারুপ্পু’ তামিলনাড়ু বক্স অফিসে ১০০ কোটি রুপি অতিক্রম করেছে, যা তার জন্য আবেগ ও গর্বের বিষয়।
ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি ভারতে ১১৩ কোটি ৮৫ লাখ রুপি আয় করে। অষ্টম দিনে দেশীয় আয় দাঁড়ায় ১২১ কোটি ৬৫ লাখ রুপিতে।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আরজে বালাজি, রত্না কুমার, অশ্বিন রবিচন্দ্রন, রাহুল রাজ, টি. এস. গোপী কৃষ্ণন ও করণ অরবিন্দ কুমার। সংগীত পরিচালনায় ছিলেন সাই অভ্যাংকার।
প্রযোজনায় ছিল ড্রিম ওয়ারিয়র পিকচার্স। এতে সুরিয়া ও তৃষা ছাড়াও অভিনয় করেছেন ইন্দ্রান্স, অনাঘা মায়া রবি, ন্যাটি সুব্রামানিয়াম, স্বাসিকা, শিবদা ও সুপ্রিথ রেড্ডি।
এদিকে, অভিনেত্রী তৃষা কৃষ্ণান বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন। দক্ষিণ ভারতের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জনের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে তার এই সিনেমার সাফল্য।
সব মিলিয়ে, ‘কারুপ্পু’ এখন পর্যন্ত ২০০ কোটি ৮৬ লাখ রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে এবং ২০২৬ সালের অন্যতম সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে।