আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা ও আইপিএল ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের আহমেদাবাদে। একই সময়ে আয়োজিত এসব গুরুত্বপূর্ণ ক্রিকেটীয় ইভেন্টে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
পাকিস্তানের একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আইসিসির আয়োজিত এই সভায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সূচি অনুযায়ী, ২১ মে ভার্চুয়ালি চিফ এক্সিকিউটিভস কমিটির সভা অনুষ্ঠিত হবে। এরপর ৩০ ও ৩১ মে আহমেদাবাদে সরাসরি আইসিসি বোর্ড সভা বসবে। একই দিনে, ৩১ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে নাকভির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পাকিস্তানের জিও সুপারের বরাতে জানা গেছে, পিসিবি চেয়ারম্যানকে পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণ ইতোমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে পাঠানো হয়েছে। এখন তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, তিনি ভারতে অনুষ্ঠিত সভা ও ফাইনাল ম্যাচে অংশ নেবেন কি না।