ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক প্রবণতায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভোট গণনার ফলাফলে এগিয়ে থাকার খবরে বিজেপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। ইতোমধ্যে দলের অনেক নেতা-কর্মী কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছাতে পারেন।
বিজেপি সূত্রের বরাতে আরও জানানো হয়, সন্ধ্যায় দলের সদর দপ্তরে একটি বড় আকারের বৈঠক বা সমাবেশ অনুষ্ঠিত হতে পারে। এ উপলক্ষে দলের শীর্ষ নেতাদের অনেকেই আগেই দিল্লিতে পৌঁছেছেন।
সূত্র আরও জানায়, ওই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে পারেন।