প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন। এ সফরকে ঘিরে জেলা জুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
সফরকালে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি একটি জনসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে।
সফরের প্রস্তুতি হিসেবে ২ মে সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও পৌর অডিটোরিয়ামসহ সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় অবকাঠামো, নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।
এছাড়া একই দিন তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেন। এর আগে শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনস্থল পরিদর্শন করেন তিনি, সঙ্গে ছিলেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা গেছে, দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা ঘোষেরহাটের এই খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।