সোমালিয়ার জলদস্যুরা ইয়েমেন উপকূলের কাছাকাছি একটি তেলবাহী জাহাজ ছিনতাই করেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার (০৩ মে) এ তথ্য নিশ্চিত করা হয়।
ইয়েমেনের কোস্ট গার্ডের বরাতে জানা যায়, ছিনতাই হওয়া জাহাজটির নাম ‘ইউরেকা’, যা টোগোর পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ। শনিবার (০২ মে) কিছু অজ্ঞাত ব্যক্তি জাহাজটিতে জোরপূর্বক উঠে এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
পরে ‘ইউরেকা’ নামের জাহাজটিকে এডেন উপসাগর হয়ে ইয়েমেনের জলসীমা থেকে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হয়। জাহাজটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে সোমালিয়ার গালমুদুগ রাজ্যের বন্দর মন্ত্রণালয়ের মহাপরিচালক আবশির হাশি আলি দাবি করেছেন, জাহাজটি বর্তমানে পুন্তল্যান্ড উপকূলের কাছে মুক্তিপণের দাবিতে আটকে রাখা হয়েছে।
জলদস্যুতা বৃদ্ধির এই ঘটনা সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।