দেশে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
একই সময়ে নতুন করে ১ হাজার ৪৩৫ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ৯৪৬ জন এবং আরও ৭৬৯ জনকে পৃথকভাবে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪৮৯ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৬১ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯১ জনে, যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকায়।
পরিসংখ্যান বলছে, এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৭৯ জন শিশু। এছাড়া সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৭ হাজার ৬৫৬ জনে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৩৩ হাজার ৬৩১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ জন শিশু।