নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসা নিতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি লন্ডনের পথে রওনা হন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ঢাকায় নিযুক্ত ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে পরিবারের সদস্যদের পাশাপাশি চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও রয়েছেন।
এর আগে, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসকদের পরামর্শে এবার যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসা করা হবে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।