সরকার ভালো কাজের উদ্যোগ নিলে সহযোগিতা করা হবে, তবে দেশের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ হলে তা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৯ মে) সকালে জাপান সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারের ভুলগুলো তুলে ধরা বিরোধী দলের দায়িত্ব। একই সঙ্গে ভালো উদ্যোগে সহযোগিতা করা হবে। তবে রাষ্ট্রের ক্ষতি হলে নীরব না থেকে প্রতিবাদ ও প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি।
জাপান সফরের প্রসঙ্গে তিনি বলেন, দেশটি বাংলাদেশকে গুরুত্ব দিয়ে দেখে এবং সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে। তিনি আরও দাবি করেন, ক্যান্সার চিকিৎসা ও গবেষণার জন্য বাংলাদেশে একটি আধুনিক হাসপাতাল ও ইনস্টিটিউট গড়ে তোলার প্রস্তাব জাপানের কাছে দেওয়া হয়েছে, যা তারা ইতিবাচকভাবে বিবেচনা করছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিরোধী দল ও সরকার যদি দায়িত্বশীল আচরণ করে দেশ আরও এগিয়ে যেতে পারে।
এ ছাড়া থাইল্যান্ডে চিকিৎসাধীন “জুলাই যোদ্ধা”দের বিষয়েও তিনি কথা বলেন। তিনি জানান, সেখানে অবস্থানরত আহতদের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আহতদের সাহস ও ত্যাগের প্রশংসাও করেন তিনি এবং তাদের সুস্থতার জন্য দোয়া করেন।