জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী অভিনীত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ এর টিজার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা-সমালোচনা।
নির্মাতা হাসান জাহাঙ্গীর বৃহস্পতিবার (৭ মে) সিনেমাটির টিজার প্রকাশ করেন। আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সিনেমাটির নির্মাণমান নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকে দাবি করেছেন টিজার দেখেই পুরো গল্প অনুমান করা যাচ্ছে। মৌসুমীর মতো একজন অভিজ্ঞ শিল্পীর এমন প্রকল্পে কাজ করা নিয়েও অনেকে হতাশা প্রকাশ করেছেন।
জানা যায়, শুরুতে এটি একটি ওয়েব কনটেন্ট হিসেবে নির্মিত হয়েছিল। পরবর্তীতে সেটিকে সম্পাদনা ও পরিবর্তনের মাধ্যমে সিনেমা আকারে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়েছেন অভিনেত্রী মৌসুমী ও তার স্বামী অভিনেতা ওমর সানী।
ভিডিও বার্তায় ওমর সানী বলেন, এটি মূলত যুক্তরাষ্ট্রে ধারণ করা একটি নাটক ছিল, সিনেমা নয়। অন্যদিকে মৌসুমী জানান, তিনি এক ঘণ্টার একটি নাটকে কাজ করেছিলেন এবং পরে জানতে পারেন সেটি টেলিছবি বা বড় পরিসরে মুক্তি দেওয়া হচ্ছে।
এত বিতর্ক ও সমালোচনার মধ্যেও নির্মাতা হাসান জাহাঙ্গীর জানিয়েছেন, সিনেমাটি মুক্তির পর দর্শক ইতিবাচক বার্তা পাবে বলে তিনি আশাবাদী।