দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা করে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি ও সরবরাহ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৭৫ টাকা থেকে বেড়ে ১৭৯ টাকা হয়েছে।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম ও সরবরাহ পরিস্থিতির পরিবর্তনের কারণে দেশীয় বাজারেও এর প্রভাব পড়েছে। বৈশ্বিক এই পরিস্থিতির কারণেই তেলের দাম সমন্বয় করা হয়েছে।
তিনি আরও বলেন, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে। ভোক্তাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আহ্বানও জানান তিনি।