যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে পতন দেখা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে দুই দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে, যার প্রভাবে তেলের দাম কমে যায়। এর আগে সোমবার আলোচনা ঘিরে অনিশ্চয়তার কারণে দাম প্রায় ৬ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছিল।
মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৪ দশমিক ৯৪ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের মে মাসের দর ব্যারেলপ্রতি ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ৮৮ দশমিক ৫০ ডলারে।
এদিকে এশিয়ার শেয়ারবাজারেও কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে। চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।