মগবাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তাদের ৮ দফা দাবি ঘোষণা করেন। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল সাংবাদিকদের বলেন, ফিলিং স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে তেল সরবরাহ করা অত্যন্ত জরুরি।
মঙ্গলবার (৩১ মার্চ) সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সাধারণ ক্রেতাদের সচেতন ও ধৈর্যশীল থাকার আহ্বান জানানো হয়েছে। ট্যাঙ্ক খালি থাকাকালীন ক্রেতাদের হুমড়ি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়া পেট্রোল বিক্রির সময় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশন আরও দাবি করেছে, উপজেলা ও জেলা পর্যায়ের সব পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদার করতে হবে। ডিপো থেকে ট্যাঙ্কলরির ধারণ ক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ করতে হবে, যাতে অতিরিক্ত পরিবহন খরচ না বাড়ে। সরকারের মনিটরিং ব্যবস্থা শক্তিশালী রাখা এবং পাম্প মালিকদের একতরফা দোষ চাপানো থেকে বিরত থাকার কথাও বলা হয়েছে। পাশাপাশি তারা সরকারের ট্যাগ অফিসার নিয়োগকে সাধুবাদ জানিয়েছেন।