চট্টগ্রাম বন্দরে বর্তমানে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশের জলসীমায় এখন মোট ১০টি জ্বালানিবাহী জাহাজ অবস্থান করছে। এর মধ্যে ৬টি জাহাজ চট্টগ্রাম বন্দর এলাকায় পৌঁছে জ্বালানি খালাস কার্যক্রম চালাচ্ছে।
বুধবার (১১ মার্চ) বন্দর ভবনে আয়োজিত ব্রিফিংয়ে এটি জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের বোর্ড সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ।
তিনি জানান, এলপিজি, এলএনজি এবং তেলবাহী আরও চারটি জাহাজ বর্তমানে দেশের বন্দরের দিকে আগ্রসর। এ চারটি জাহাজের মধ্যে একটি আজ, এবং বাকি দুটি যথাক্রমে ১২ ও ১৪ মার্চ চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করবে।
বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, জ্বালানিবাহী সকল জাহাজকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া, বহির্নোঙরে মাদার ভেসেলের নিরাপত্তা এবং খালাস কার্যক্রমের জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরের এই উদ্যোগের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহে কোনও বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করা হচ্ছে।