রাজধানীর মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনে একটি পুরোনো ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো অফিসের কাছে এ আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার পর ভবনটি থেকে ব্যাপক কালো ধোঁয়া বের হতে দেখা যায়, যা আশপাশের এলাকা ছাড়িয়ে দূর থেকেও নজরে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুনের সূত্রপাতের কারণ এবং এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।