ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির উদ্দেশ্যে নানা ধরনের অপতথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়; সবাই এ দেশের নাগরিক।
অনুষ্ঠানে ৯ জন পুরোহিত ও সেবায়েতের হাতে সম্মানীর অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে দেশের বিভিন্ন এলাকার আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে সম্মানী দেওয়া হয়।
এর আগে সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান প্রধানমন্ত্রী। পথে উপস্থিত সাধারণ মানুষ তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তিনিও তাদের প্রতি হাত নেড়ে জবাব দেন।