দীর্ঘদিনের রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসানে আলোচনার পথ খুঁজতে আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার (১২ সেপ্টেম্বর) ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, সম্মেলনে দুজনই আমন্ত্রিত হলে তিনি অবশ্যই পুতিনের সঙ্গে দেখা করে সরাসরি আলোচনা করতে চান। তাঁর মতে, আলোচনায় কে কী বলেছে, তার চেয়ে যুদ্ধ বন্ধ করে কার্যকর সমাধানে পৌঁছানোই বেশি গুরুত্বপূর্ণ।
এদিকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রের উদ্যোগও অব্যাহত রয়েছে। সম্প্রতি মার্কিন মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার কিয়েভ ও মস্কো সফর করেছেন। এই সফরকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন জেলেনস্কি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপেও যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। চলতি বছর জি-২০-এর সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে হিউস্টনে জি-২০-এর জ্বালানি বিষয়ক বৈঠকেও রুশ প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।