রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের পেছনে জামায়াতে ইসলামীর ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁনের দাবি, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের গোপন যোগাযোগের কারণেই দলটি আবারও রাজপথে নামার সাহস পাচ্ছে। ১৯৯৬ সালেও আওয়ামী লীগ ও জামায়াত বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে একসঙ্গে ছিল বলে উল্লেখ করেন তিনি।
গুলশানসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভের প্রসঙ্গে তিনি বলেন, এসব কর্মসূচির পেছনে জামায়াতের সম্পৃক্ততা থাকতে পারে। জামায়াত নেতারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরায় আপত্তি নেই বললেও দেশের জনগণ দলটির রাজনীতি আর গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন রাশেদ খাঁন। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।