তরুণ সমাজ চাইলে দেশকে বড় ধরনের পরিবর্তনের পথে এগিয়ে নিতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং সেখান থেকেই পরিবর্তনের সূচনা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাস ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। শতভাগ সফলতা সম্ভব না হলেও ৮০ শতাংশ পর্যন্ত সমস্যার সমাধান করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশের বিপুলসংখ্যক তরুণ ও শিক্ষার্থীর অংশগ্রহণের কথা তুলে ধরে তিনি বলেন, সবাই মিলে দেশ পুনর্গঠনে এগিয়ে এলে কোনো বাধাই পরিবর্তনের পথে দাঁড়াতে পারবে না। প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজ নিজ বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কারে সময় দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।