আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ১০টি জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। হামলার শিকার জাহাজগুলোর মধ্যে দুটি মার্কিন যুদ্ধজাহাজ এবং আটটি তেলবাহী ট্যাংকার রয়েছে বলে জানিয়েছে ইরানের এই অভিজাত বাহিনী।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এর আগে ৮ সেপ্টেম্বর ইরানি পাঁচটি ট্যাংকারে মার্কিন হামলার জবাব হিসেবেই হরমুজে এ অভিযান চালানো হয়েছে। তবে হামলার শিকার ট্যাংকারগুলো কোন দেশের, তা জানানো হয়নি।
এদিকে ব্রিটিশ জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হামলায় ‘হারকিউলিস স্টার’ নামের একটি জাহাজের এক নাবিক নিহত হয়েছেন। ইরাকি বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ‘নিউ আন্দ্রোস’ নামের একটি ট্যাংকারও ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল তেল ছিল এবং ড্রোনের আঘাতে এতে আগুন ধরে যায়। তবে ২২ নাবিকই নিরাপদে রয়েছেন।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা অব্যাহত থাকলে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজকে লক্ষ্য করা হবে।