উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ও শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। শনিবার (১২ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কয়েকটি বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময় কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই; শেষ দিকে সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।