নবনিযুক্ত শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কাঠামো পুনর্গঠন করা হবে এবং এর কার্যক্রম শুরু হবে অচিরেই।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় শিক্ষা আর স্থানীয় কোনো বিষয় নয়; এটি বৈশ্বিক প্রতিযোগিতার অংশ। তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতা করতে সক্ষম হয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে এবং এ খাতে বেশ কিছু চমকপ্রদ উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা মোকাবিলায় ন্যানোটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বায়োটেকনোলজির মতো আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ জোরদার করার ওপরও জোর দেন তিনি।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার (টিভেট) প্রসার এবং আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই খাতকে আরও শক্তিশালী করতে হবে। সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা ছাড়া বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আ ন ম এহসানুল হক মিলন বলেন, তিনি এমন একটি মডেল উপজেলা গড়ে তুলতে চান, যা শুধু শিক্ষায় নয়; মাদকমুক্ত সমাজ ও দুর্নীতিবিরোধী কার্যক্রমসহ সব সূচকে দেশের সেরা হিসেবে প্রতিষ্ঠিত হবে।