ভারতের প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান হঠাৎ গুরুতর অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, রক্তচাপ বেড়ে যাওয়ার পর তার মস্তিষ্কের ডান পাশে রক্তক্ষরণ ধরা পড়ে। বর্তমানে তিনি ভেন্টিলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বাবার অসুস্থতার খবরে পেয়ে অস্থির হয়ে হাসপাতালে ছুটে যান বড় ছেলে সালমান খান ও পরিবারের অন্যান্য সদস্যরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, উচ্চ রক্তচাপের জেরে মস্তিষ্কের একটি রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় এবং অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়। হাসপাতালে নেওয়া হলে প্রথমে আইসিইউতে রাখা হয়। পরে শারীরিক অবস্থা বিবেচনা করে ভেন্টিলেশন সাপোর্টে দেওয়া হয়।
সেলিম খানের অবস্থা আপাতত স্থিতিশীল হলেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে প্রয়োজন হলে অস্ত্রোপচারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
পারিবারিক সুত্রে জানা যায়, সেলিম খানের চিকিৎসায় নিউরোলজি, কার্ডিওলজি ও নিউরোসার্জারি বিভাগের একটি বিশেষজ্ঞ দল নিযুক্ত রয়েছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে আনুষ্ঠানিক মেডিক্যাল আপডেট দেওয়া হবে।