ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রথম শ্রদ্ধা জানান তিনি। পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করেন। এরপর নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আবারও ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরিদর্শন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ চত্বরে পারিজাতগাছের চারা রোপণ করেন।
প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে লিখেছেন:
“বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফ্যাসিবাদী শাসন ও শোষণের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের জনগণ গণতন্ত্রকামী পথে নতুন যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রিসভাসহ আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মত্যাগে আমাদের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আমরা বিশ্বাস করি, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন। আমি আবারও সকল শহীদের মাগফিরাত কামনা করছি।”