ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
বার্তায় মোদি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের পথে ভারত সবসময় পাশে থাকবে।
ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে, একই দিনে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপির বিজয়ে অভিনন্দন জানানো হয়। পোস্টে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমৃদ্ধি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের এমন বার্তা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত বহন করে।