বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোরালো বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান এবং নির্বাচনী বিজয়ের জন্য বিএনপিকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান তিনি।
বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করেন তিনি। দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ লক্ষ্য এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রায় একই সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি-ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তাঁর বার্তাতেও বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের এমন বার্তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থে সম্পর্ক জোরদারের সম্ভাবনাও এতে উজ্জ্বল হয়েছে।