নির্বাচিত সরকারকে বিপাকে ফেলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ ধরনের ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি। বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার বিষয়টিও তুলে ধরেন।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না। এ সময় পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার ঘটনায় সন্দেহ প্রকাশ করে বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন রিজভী।