জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর সফর নিয়ে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান। সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরবেন তিনি।
সফরকালে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, বাণিজ্য, অর্থনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা সংকট গুরুত্ব পাচ্ছে।
ব্রিফিংয়ে জানানো হয়, তুরস্ক বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, রাজনৈতিক সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে আগ্রহ দেখিয়েছে। একই সময়ে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়টি জাতিসংঘের বিভিন্ন বৈঠকে তুলে ধরা হচ্ছে।
এদিকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। শিক্ষা, ব্যবসা ও ডিজিটাল খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়েও প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা চলছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।