বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও দ্রুত বাড়তে থাকা অনলাইন ব্যবসার বাজারকে গুরুত্ব দিয়ে ঢাকায় অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে মেটা। পাশাপাশি ই-কমার্স, ডিজিটাল বাণিজ্য ও সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি জানান, মেটার সঙ্গে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে ঢাকায় মেটার কার্যক্রম সম্প্রসারণ, দেশের বড় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীভিত্তি এবং ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বাংলাদেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসার বিকাশ, উদ্যোক্তাদের সহায়তা এবং সাইবার নিরাপত্তা জোরদারের বিষয়ও গুরুত্ব পায়। প্রযুক্তিনির্ভর ব্যবসা ও ডিজিটাল খাতের সম্প্রসারণে ভবিষ্যতে মেটার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে থাকার কথা থাকলেও সময়সূচির কারণে তিনি অংশ নিতে পারেননি। তবে বাংলাদেশের পক্ষে উচ্চপর্যায়ের প্রতিনিধিরা মেটার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।