মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না। একই সঙ্গে মেডিকেল পরীক্ষার জন্য দালাল বা মধ্যস্বত্বভোগীদের সহযোগিতা না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির অধীনে পরিচালিত হতে পারবে না।
এ ছাড়া এক এজেন্সির মাধ্যমে মেডিকেল স্লিপ নেওয়ার পর অন্য এজেন্সির মাধ্যমে যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত সংশ্লিষ্ট কর্মীর মেডিকেল রিপোর্ট হস্তান্তর করতে হবে।
মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি অর্থ দাবি করলে কিংবা কোনো ধরনের হয়রানি করলে secretary@probashi.gov.bd ইমেইলে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাইগ্রামস স্লিপ সংগ্রহের জন্য কোনো ফি দিতে হয় না।
মন্ত্রণালয় জানিয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। কোনো ধরনের অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।