টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালেও বৃষ্টি অব্যাহত রয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় রাজধানীজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ভারী বৃষ্টিতে দিল্লির বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়। কোথাও কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হয়।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবারও দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রঝড়, বজ্রপাত ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে।
সেন্ট্রাল, ইস্ট, নিউ, নর্থ, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, শাহদারা, সাউথ, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট ও ওয়েস্ট দিল্লিসহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকলেও দিল্লি বিমানবন্দরে বর্তমানে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সোমবার খারাপ আবহাওয়ার কারণে বিমানবন্দরটির ১৫টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে তিনটি ছিল আন্তর্জাতিক ফ্লাইট। এসব ফ্লাইটের ১২টি জয়পুর, দুটি চণ্ডীগড় এবং একটি লখনৌ বিমানবন্দরে পাঠানো হয়।