বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন জীবনে তিনবার বিয়ের চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসতে পারেননি। প্রতিবারই কোনো না কোনো কারণে ভেঙে গেছে সম্পর্ক। দীর্ঘ সময় ধরে একাই জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় নিজের বিয়ে ও সাবেক প্রেমিকদের প্রসঙ্গে কথা বলেন সুস্মিতা। এক ভক্ত তার কাছে জানতে চান, বিয়ের কোনো পরিকল্পনা আছে কি না। জবাবে রসিকতার সুরে অভিনেত্রী বলেন, ‘এই প্রশ্নের উত্তর আপনি এবং আমি—দুজনেই হয়তো সারাজীবন খুঁজে যাব।’
এর আগে এক সাক্ষাৎকারে নিজের অবিবাহিত থাকার কারণও জানিয়েছিলেন সুস্মিতা। তিনি বলেন, জীবনে একাধিক পুরুষ এলেও কোনো সম্পর্কই শেষ পর্যন্ত টেকেনি। তার ভাষায়, ‘আমি বিয়ে না করার একমাত্র কারণ হলো তারা আমাকে হতাশ করেছে।’
তবে বিয়ে না করার সিদ্ধান্তের পেছনে তার দত্তক নেওয়া দুই কন্যাসন্তানের কোনো ভূমিকা নেই বলেও স্পষ্ট করেন সুস্মিতা। বরং তার মেয়েরা তার জীবনে আসা মানুষদের সবসময়ই খোলা মনে গ্রহণ করেছে এবং সম্মান দেখিয়েছে।
সুস্মিতা জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনবার বিয়ের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। প্রতিবারই বিয়ের একেবারে কাছাকাছি গিয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তিনবার বিয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়েছেন।’
মাত্র ১৮ বছর বয়সে বিশ্বসুন্দরীর মুকুট জেতেন সুস্মিতা সেন। এরপর কেটে গেছে প্রায় তিন দশক। এই সময়ে একাধিকবার প্রেমে জড়ালেও বিয়ের সিদ্ধান্ত আর বাস্তবে রূপ নেয়নি তার। মডেল রোহমান শলের সঙ্গেও দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তিনি। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের দুই কন্যাকে নিয়ে জীবন কাটাচ্ছেন সুস্মিতা। বিয়ে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা কী—সে উত্তর অবশ্য সময়ের হাতেই রেখেছেন এই অভিনেত্রী।