তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, তুরস্কের হাতে এই যুদ্ধবিমান গেলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও সামরিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এফ-৩৫ বিক্রির অনুমোদন না দেওয়ার অনুরোধ করেছেন। তার অভিযোগ, তুরস্কের বর্তমান নেতৃত্ব যুক্তরাষ্ট্রের আদর্শ মিত্র নয় এবং তাদের কাছে এত উন্নত যুদ্ধবিমান দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।
অন্যদিকে, ন্যাটো সম্মেলনে তুরস্ক সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত দেন। তিনি জানান, রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তুরস্ককে আবারও এফ-৩৫ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
ট্রাম্প বলেন, তুরস্ক যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং দুই দেশের সম্পর্ক বর্তমানে আগের চেয়ে আরও ভালো অবস্থানে রয়েছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও আশা প্রকাশ করেছেন, এফ-৩৫ কর্মসূচিতে দেশটি পুনরায় যুক্ত হবে।
তবে এ ইস্যুতে মতপার্থক্য থাকলেও ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে—এমন ধারণা নাকচ করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের স্বার্থ রক্ষায় আগের মতোই ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।