উত্তর বঙ্গোপসাগরে বিরাজমান বৈরী আবহাওয়ার কারণে দেশের চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত বিশেষ আবহাওয়া বুলেটিনে জানানো হয়, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলে বায়ুচাপের পার্থক্য বেড়েছে। এর ফলে সমুদ্র এলাকায় বিরূপ আবহাওয়া বিরাজ করতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।
এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।