যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, মাদক পাচার প্রতিরোধ, আঞ্চলিক স্থিতিশীলতা, নগর নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
মাদকবিরোধী সহযোগিতা জোরদারে দুই দেশের বিদ্যমান সমঝোতা স্মারক কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়া ঢাকা-করাচি সরাসরি বিমান চলাচলকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধির ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।
বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূতদের কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেন্টিটি কার্ড (সিএনআইসি) পাওয়ার জটিলতার বিষয়টি তুলে ধরে দ্রুত সমাধানে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন।
এছাড়া পাকিস্তানের ‘সেফ সিটি’ প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের শহরগুলোতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং বাংলাদেশ পুলিশের উচ্চতর প্রশিক্ষণে কারিগরি সহায়তা চাওয়া হয়।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাকিস্তানের সমর্থন প্রত্যাশা করে।
বৈঠক শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশ পক্ষও সুবিধাজনক সময়ে সফরের আগ্রহ প্রকাশ করে। বৈঠকে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।