ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলাকে ‘পুরোপুরি প্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মার্ক রুটে বলেন, যুদ্ধবিরতি চলার সময় ইরান তা লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শক্ত জবাব দেওয়া জরুরি ছিল। হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে নতুন করে বিমান হামলা চালায়। পাশাপাশি ইরানের তেল বিক্রির অনুমতিও বাতিল করে ওয়াশিংটন।
ন্যাটো প্রধান বলেন, যুক্তরাষ্ট্র জোটের প্রতি তার প্রতিশ্রুতি বজায় রাখবে। একই সঙ্গে তিনি ইউরোপ ও কানাডার প্রতি প্রতিরক্ষা খাতে আরও বেশি অর্থ ব্যয়ের আহ্বান জানান। তার মতে, জোটের সদস্য দেশগুলোর মধ্যে সামরিক ব্যয়ের ভার সমানভাবে ভাগ করা ন্যায্য।
মার্ক রুটে আরও বলেন, ন্যাটোর সাম্প্রতিক অগ্রগতি একটি বড় সাফল্য। তিনি দাবি করেন, এই পরিস্থিতি রাশিয়ার জন্য নেতিবাচক হলেও যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি বড় অর্জন।