তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। তথ্যমন্ত্রী গণমাধ্যম ও যোগাযোগ খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন মাধ্যম ও ডিজিটাল ব্যবস্থার পরিবর্তনের কারণে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় কার্যকর কৌশল প্রয়োজন।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের দেশের অভিজ্ঞতা ও উদ্যোগগুলো তুলে ধরেন। বৈঠকে তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।