হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানে অভিযান চালানোর পর পাল্টা হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসির দাবি, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এ সময় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে তারা। হামলার পর কুয়েত ও বাহরাইনে সতর্ক সংকেত জারি করা হয়। কুয়েত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করার চেষ্টা করেছে।
এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইরানের হামলার জবাবে দেশজুড়ে সামরিক অভিযান চালানো হয়েছে। মার্কিন বাহিনীর দাবি, অভিযানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বেশ কিছু স্থাপনা ও নৌযান লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিক্রিয়া প্রয়োজনীয় ছিল।
ইরানের সামরিক কমান্ড সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে কোনো মার্কিন হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই দেশের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি আরও ঝুঁকির মুখে পড়েছে।