মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহবাহী কফিন ইরাকে পৌঁছেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে কফিনটি পৌঁছালে ইরাক ও ইরানের শীর্ষ কর্মকর্তারা তা গ্রহণ করেন।
বুধবার (৮ জুলাই) সকাল থেকে নাজাফে তাকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো শিয়া মুসলমানের সমাগম ঘটে।
শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান নাজাফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশ্যেই খামেনির কফিন ইরাকে নেওয়া হয়েছে। একই সঙ্গে এই আয়োজনের মাধ্যমে ইরান ও ইরাক তাদের পারস্পরিক ধর্মীয় ও রাজনৈতিক সম্পর্কের বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরছে।
বিপুল জনসমাগমকে কেন্দ্র করে নাজাফজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শোকযাত্রার পথে সাধারণ মানুষের জন্য খাবার ও পানীয়েরও ব্যবস্থা করা হয়েছে।
নাজাফের আনুষ্ঠানিকতা শেষে কফিনটি কারবালায় নেওয়া হবে। সেখানে ধর্মীয় শ্রদ্ধা নিবেদনের পর সপ্তাহের শেষ দিকে মরদেহ পুনরায় ইরানে ফিরিয়ে নেওয়া হবে। এরপর নিজ শহর মাশহাদে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।