ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের আহ্বান জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বৃহস্পতিবার (২ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, শনিবার থেকে শুরু হতে যাওয়া শেষকৃত্য অনুষ্ঠানে জনগণকে অংশ নিয়ে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গড়ে তুলতে হবে। তার মতে, এই উপস্থিতির মাধ্যমে বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে যাবে।
গালিবাফ আরও বলেন, জনগণকে প্রমাণ করতে হবে যে তারা অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে নীরব নয় এবং প্রয়াত নেতার আদর্শ ও মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার অটুট।
তিনি জানান, এই শেষকৃত্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের মূল্যবোধ ও নেতৃত্বের প্রতি জনগণের আনুগত্য পুনর্ব্যক্ত করার একটি সুযোগ।
উল্লেখ্য, আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য ঘিরে ইরানে ব্যাপক প্রস্তুতি চলছে এবং কয়েক দিনব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।