আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগান সরকার। নিহতদের মধ্যে ১১ জন শিশু রয়েছে। হামলায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
বুধবার (১০ জুন) আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে এ হামলা চালানো হয়। তার অভিযোগ, পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে।
তবে পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশটির নিরাপত্তা সূত্রের দাবি, সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের আস্তানা লক্ষ্য করেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এই ঘটনার ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কয়েক মাস আগে সংঘর্ষের পর উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও সীমান্ত পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে। এ বিরোধ নিরসনে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন।